মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী
- আপডেট সময় : ০২:৫৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী
বিশ্বজুড়ে মাইক্রোসফটের প্রযুক্তিগত সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকেল সোয়া ৪টার কিছু পর থেকে আউটলুক, টিমস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা কোপাইলটসহ প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ কয়েকটি প্ল্যাটফর্ম ব্যবহারে বিঘ্ন ঘটে। এর ফলে যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হন।
সেবার কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে আউটলুক ব্যবহারের জটিলতা চরমে পৌঁছায়।
ওই সময় অভিযোগের সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারে গিয়ে ঠেকে, যা সাধারণ সময়ের তুলনায় প্রায় দুই হাজার গুণ বেশি।
ডাউনডিটেক্টরের হিসাব মতে, মাত্র এক ঘণ্টার ব্যবধানে বিশ্বের ৭৪টি দেশে মাইক্রোসফটের সেবা ব্যাহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এমনকি সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, প্রায় ২৮ হাজারের বেশি ব্যবহারকারী তখনো সমস্যায় ভুগছিলেন।
পড়ুন>>মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে সরানোর চিন্তাভাবনা হোয়াইট হাউসের
প্রতিষ্ঠানটির নিজস্ব পর্যবেক্ষণ বলছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাদের প্রযুক্তিগত অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপের কারণেই এই সংযোগজনিত সমস্যা সৃষ্টি হয়েছে। মূলত মাইক্রোসফট ৩৬৫-এর বেশ কিছু অ্যাপ, বিশেষ করে এক্সচেঞ্জ অনলাইন সেবায় বড় ধরণের ব্যাঘাত ঘটেছে। এর প্রভাব পড়েছে ই-মেইল আদান-প্রদান এবং ক্যালেন্ডার অ্যাপে তথ্য প্রদর্শনের ক্ষেত্রেও।
ব্যবহারকারীরা নির্দিষ্ট কিছু ফাইল দেখতে গিয়েও জটিলতায় পড়ছেন। এ কারণেই সংযোগজনিত সমস্যা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। কর্মজীবনে ই-মেইল ও অনলাইন সেবার ওপর অতিরিক্ত নির্ভরতার বিষয়টিও উঠে এসেছে এসব পোস্টে।
পড়ুন>>মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী
তবে মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, বার্তা আদান-প্রদান ও অনলাইন বৈঠকের মতো কিছু সেবা এখনো অনেকাংশেই সচল রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাদের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে যে, ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলো পুনরায় সচল করার প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিবিড়ভাবে নজরদারি অব্যাহত রেখেছে তাদের প্রযুক্তি দল।
এদিকে, মাইক্রোসফটের সেবা বিভ্রাট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক মিম ও রসিকতা ছড়িয়ে পড়েছে। অনেকেই কর্মক্ষেত্রে অনলাইন সেবার ওপর অতিরিক্ত নির্ভরশীলতার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আউটলুক বন্ধ থাকাকে ছুটি পাওয়ার সুযোগ হিসেবেও দেখছেন, যেখানে একজন ব্যবহারকারী মজা করে জানতে চেয়েছেন যে, সার্ভিস চালু না হলে সপ্তাহের বাকি দিনগুলো ছুটি পাওয়া যাবে কি না। মাইক্রোসফটের সেবা বন্ধ থাকায় ভুক্তভোগী ব্যবহারকারীদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও রসিকতায় মেতে উঠেছেন।
আরও পড়ুন>>মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে কাতারের ভূয়সী প্রশংসা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মাইক্রোসফট এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রদান করেনি। তবে তারা আশ্বস্ত করেছে যে, ক্ষতিগ্রস্ত সেবাগুলো দ্রুত স্বাভাবিক করার জন্য তাদের প্রকৌশলীরা নিরলস কাজ করছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























