বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির আলহাজ আনোয়ার হোসেন আর নেই। বুধবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন আনোয়ার হোসেন। এসএসসি পাসের পর তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এ যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবনের পর ২০০৬ সালে অবসর গ্রহণ করেন।
পরিবার জানায়, তিনি প্রথমে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকেল ৪টায় সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।
অপর এক শোকবার্তায় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন বলেন,
“আলহাজ আনোয়ার হোসেন ছিলেন একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব। দ্বীনের পথে তাঁর অবদান ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।”
এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলা উদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা আমির মুফতি ওমর ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম এবং ভূরুঙ্গামারী প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, আলহাজ আনোয়ার হোসেন ছিলেন শান্ত, সাদাসিধে ও জনবান্ধব একজন মানুষ। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে সাধারণ মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করে তুলেছিল।
Leave a Reply