কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই ইউনিয়নের বটতলা চর এলাকায় মরিচ ক্ষেতের আড়ালে গোপনে চাষ করা একটি বিশাল আকৃতির গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ১০ ফুট উচ্চতার গাছটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ তিলাই এলাকার কৃষক ইউসুফ মিয়া তার মরিচ ক্ষেতের মধ্যে গোপনে গাঁজা গাছটি রোপণ করে দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছিলেন। প্রায় দুই বছর ধরে লালন-পালনের ফলে গাছটি অস্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে। ফুল আসার আগেই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে অভিযান চালানো হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এএসআই মো. আবু সাঈদ সুজনের নেতৃত্বে চরাঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মরিচ ক্ষেতের ভেতর থেকে প্রায় ১০ ফুট উচ্চতার গাঁজা গাছটি জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে গাছটি অবৈধভাবে চাষের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি ওই অঞ্চলের অন্যান্য স্থানে গাঁজা বা মাদকজাতীয় উদ্ভিদের চাষ হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে তল্লাশি অব্যাহত রয়েছে।
এএসপি মুনতাসির মামুন মুন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কেউ মাদক চাষ, উৎপাদন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
স্থানীয়দের মতে, মরিচ ক্ষেতের মধ্যে এত বড় একটি গাঁজা গাছ পাওয়া যাওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
Leave a Reply