ফেনীর মুহুরীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে ছাগলনাইয়া থানার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়েছিল। সেটি সরিয়ে নেওয়ার জন্য একটি লরির সঙ্গে বেঁধে কাজ চলছিল। এমন সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহনের বাসচালক প্রাণ হারান।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ফাজিলপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই আবু নোমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস, লরি ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a Reply