সিলেটের জকিগঞ্জ উপজেলায় দাফনের প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তে খবর আসে—যাকে মৃত ভেবে কবরে শায়িত করার প্রস্তুতি চলছে, তিনি আসলে জীবিত! এ ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।
রোববার (২২ জুন) সকালে জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম (এতিছানগর) গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েকদিন আগে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মারা যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি দেখে মৃতদেহকে নিজের নিখোঁজ বড় ভাই সাবু আহমদ (৫৫) বলে শনাক্ত করেন স্থানীয় বাসিন্দা বাবুল আহমদ। বাবুল জানান, তার ভাই একজন মানসিক রোগী এবং গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন।
শনিবার রাতেই হাসপাতালে গিয়ে আত্মীয়স্বজনসহ মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন বাবুল। শুরু হয় দাফন-কাফনের প্রস্তুতি। পরদিন সকালে জানাজা ও দাফনের আয়োজনও করা হয়। ঠিক সেই সময় খবর আসে—সাবু আহমদ জীবিত, এবং স্থানীয় গঙ্গাজল বাজারে অবস্থান করছেন!
এ বিষয়ে জানাজার ইমাম এবং জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন জানান, “আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলি এবং মানবিক বিবেচনায় জানাজা পড়িয়ে দাফনের অনুমতি দিই।” জানাজা শেষে ব্রাহ্মণগ্রামের কবরস্থানে দাফন করা হয়।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মো. আব্দুল আহাদ বলেন, “অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তিকে নিয়মমাফিক সিলেটে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছিল। তখনই এক ব্যক্তি ভাই দাবি করে লাশ নিয়ে যান। এখন শুনছি, মৃত ব্যক্তি তাদের কেউ নন।”
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “একজন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আগেই পরিবারের দাবি অনুযায়ী তাকে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায় মৃত ব্যক্তি আসলে তাদের আত্মীয় নন।”
স্থানীয়রা বলছেন, এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এটি কেবল অপ্রত্যাশিতই নয়, প্রশাসনিক ও সামাজিকভাবে বড় ধরনের বিভ্রান্তির উদাহরণ হয়ে থাকবে।
Leave a Reply