যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের অজুর সুবিধার্থে বিশেষ ফুট ওয়াশ স্টেশন বা পা ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ বিমানবন্দরের টার্মিনাল ডি-এর শৌচাগারে এই স্টেশনগুলো স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। প্রকল্পটির আওতায় পুরুষ ও নারীদের জন্য পৃথক অজুর স্থান তৈরি করা হবে।
টেক্সাস ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনের নথি থেকে জানা যায়, গত ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি নিবন্ধন করা হয়েছে। প্রকল্পের নকশা অনুযায়ী, পুরুষ ও নারীদের শৌচাগারে একটি করে বিশেষ অজু স্টেশন বসানো হবে। প্রায় ৩ লাখ মার্কিন ডলার ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে বিমানবন্দরের নিজস্ব তহবিল ব্যবহার করা হচ্ছে না; বরং এটি ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের ভাষ্যমতে, সাধারণ শৌচাগারের বেসিনে পা ধোয়ার ফলে মেঝে ভিজে পিচ্ছিল হয়ে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে এবং বেসিনের স্থায়িত্ব নষ্ট করে। নতুন এই অজু স্টেশনগুলো স্থাপনের মাধ্যমে শৌচাগারের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বজায় রাখা সহজ হবে। এর আগে যুক্তরাষ্ট্রের শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরসহ আরও কয়েকটি বড় বিমানবন্দরে এ ধরনের নিচু বেসিন ও আন্তধর্মীয় প্রার্থনার স্থান চালু করা হয়েছে।
এই উদ্যোগটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সমালোচনার পাশাপাশি অনেকে এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এটি কোনো নির্দিষ্ট ধর্মীয় মতাদর্শ প্রচারের বিষয় নয়, বরং আন্তর্জাতিক যাত্রীদের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে শৌচাগারের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার একটি বাস্তবসম্মত ও আধুনিক পদক্ষেপ।
D/ A/D
Leave a Reply