গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের বারাইল গ্রামে মধুমতি নদী থেকে ফজলে রাব্বি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে নড়াইল সদর উপজেলার বাঁকা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে এবং বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। নিখোঁজের একদিন পর রবিবার (৩০ আগস্ট) দুপুরে স্থানীয়রা নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে রাব্বি সদর উপজেলার হরিদাসপুর এলাকায় তার মামা নূরে আলম খানের বাড়িতে বেড়াতে এসেছিল।
শনিবার দুপুরে প্রতিবেশী মেহেরাবের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে সে নিখোঁজ হয়। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এলেও ডুবুরি দলের অভাবে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি।
পরবর্তীতে রবিবার দুপুরে মরদেহ ভেসে উঠলে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply