কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। তারা হলেন চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) এবং নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে জাল নিয়ে গ্রামের পাশের হাওরে মাছ ধরতে যান তারা। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় সকাল ১০টার দিকে স্বজনরা তাদের খোঁজে বের হন। এক পর্যায়ে হাওরের হাঁটুপানিতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
নিহতদের বিষয়ে স্থানীয়রা জানান, মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে এসে বিয়ে করেছিলেন। অন্যদিকে শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
মন্তব্য করুন