মিরপুরে শ্রমিক বিক্ষোভের পেছনে সরকারবিরোধী চক্র থাকতে পারে: পুলিশ
- আপডেট সময় : ০৫:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভের পেছনে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্রের ইন্ধন থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার দুপুরে মিরপুরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এর আগে শনিবারও তারা একই দাবিতে বিক্ষোভ করেছিলেন। টানা এই অস্থিরতার ফলে এলাকাটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তেজনা চলাকালে মিরপুর-১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। জনভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়।
যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম জানান, শ্রমিকদের বেতন নির্ধারণের জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের মাধ্যমে বিষয়টি সমাধানের সুযোগ থাকলেও শ্রমিকেরা তা মানতে নারাজ ছিলেন। পুলিশের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে, আন্দোলনরত শ্রমিকদের মধ্যে বাইরের কোনো অশুভ চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, জনদুর্ভোগ লাঘবে এবং সড়ক সচল করতে পুলিশ পর্যাপ্ত সদস্য নিয়ে অভিযানে নামে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হলেও কোনো লাঠিচার্জ করা হয়নি এবং কাউকে আটক করা হয়নি। এ ছাড়া পুলিশের কোনো সদস্যও আহত হননি। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ওই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মনোযোগী ছিল। তবে কোনো সাংবাদিকের মোবাইল হারিয়ে থাকলে বা কোনো অন্যায় হয়ে থাকলে তা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মিরপুরের পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি জানিয়েছেন। কারও মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়ে থাকলে তা উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















