মুখ খুলতে শুরু করেছেন তাহসিফের ‘বন্ধু’ দীপ, প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য
- আপডেট সময় : ০৮:২০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
মুখ খুলতে শুরু করেছেন তাহসিফের ‘বন্ধু’ দীপ, প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার ‘জুনিয়র বন্ধু’ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরই মধ্যে দীপ মুখ খুলতে শুরু করেছেন। জানা গেছে, ছোট ভাই পরিচয় দেওয়া এই দীপের ডাকেই নিখোঁজ হওয়ার আগে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ।
বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার বাবর রোডের নিজ বাসা থেকে তাকে হেফাজতে নেওয়ার পর পিবিআই ঢাকা মেট্রো উত্তর রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায়।
তদন্তসংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনার সময় তারা তুরাগের পাড়ে কথা বলছিলেন। এরপর সেখান থেকে চলে যান বলে দাবি করেন দীপ।
পড়ুন>>রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
এ সময় কিছু লোক তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ পালিয়ে যান।
বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল জানান, দীপ হেফাজতে নেওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না।
পড়ুন>>তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়
এছাড়া তাহসিফের ভবনের দারোয়ানের কাছ থেকেও চাঞ্চল্যকর তথ্য মিলেছে। দারোয়ানের এই বক্তব্য তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।
দারোয়ানের দাবি, ঘটনার দিন রাতে দীপের সঙ্গে তাহসিফ বাসা থেকে বের হলেও রাত আড়াইটার দিকে দীপ একাই ফিরেছিলেন। ফেরার পথে দীপের আচরণ অস্বাভাবিক ছিল এবং তিনি মিটিমিটি হাসছিলেন, যা রহস্য বাড়িয়ে দিয়েছে।
এদিকে তুরাগ নদে তাহসিফের ভাসমান লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। দুটি স্থানই তুরাগ নদের সঙ্গে সংযুক্ত। পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ নিশ্চিত করেছেন, নদী থেকে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে। এটি তাহসিফের কি না তা যাচাই করা হচ্ছে।
পড়ুন>>লা লিগার দ্রুততম ফুটবলার এখন কিলিয়ান এমবাপ্পে
পিবিআইয়ের অন্য এক পুলিশ সুপার জানান, দীপের দেখানো তথ্যের ভিত্তিতেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। নম্বরপ্লেট না থাকায় এর মালিকানা যাচাই চলছে। সিসিটিভি ফুটেজে তাহসিফকেও ঘর থেকে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল নিয়ে বের হতে দেখা গিয়েছিল। ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে ওই ব্যক্তির দেখা হয়। মোটরসাইকেল ঠিক করার পর তারা বাসায় ফিরে খাবার খান।
দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরার রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে দীপের দেখা হয়। সিসিটিভি ফুটেজে তাদের কথা বলতে ও হাত মেলাতে দেখা গেছে।
তাহসিফের বাবা এনায়েতুল করিমের ভাষ্যমতে, মঙ্গলবার সন্ধ্যায় দীপের ফোন পেয়েই বাসা থেকে বের হন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মোবাইলে বার্তা পাঠিয়ে তিনি জানিয়েছিলেন যে বাড়ি ফিরছেন, এরপরই তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন>>ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি: ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড ও জরিমানা
পরিবারের অভিযোগ, দীপের ডাকে সাড়া দিয়েই তিনি বেরিয়েছিলেন। যদিও দীপ দাবি করেছিলেন, মোটরসাইকেলে সমস্যা থাকায় তারা ওয়ার্কশপে যান এবং খাবার খেয়ে আলাদা হয়ে যান।
২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদে তাহসিফের মরদেহ ভাসতে দেখা যায়। টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত হয়।
২৯ অক্টোবর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে উত্তরার রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের মসজিদে জানাজা এবং পরে ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
তাহসিফের মৃত্যুর কারণ নিয়ে পুলিশ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তার বাবা কে এম এনায়েতুল করিমের প্রবল আশঙ্কা, তার ছেলেকে হত্যা করা হয়েছে। পিবিআই ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে এবং দীপের দেওয়া তথ্যের সত্যতা যাচাইয়ের কাজ চলছে।

























