কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় চোরাই ৫৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. এনামুল হক অন্তর (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল জব্দ করা হয়। এসময় এনামুল নামের একজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উত্তর তিলাইয়ের বিএসসি পাড়া এলাকার মো. ময়েন আলীর ছেলে এনামুল হক অন্তরের বাড়িতে অভিযান চালিয়ে হাঁস-মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা ৫৫টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ করা ফোনগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন রয়েছে। এসব মোবাইলের আনুমানিক অবৈধ সিজার মূল্য ১৩ লাখ টাকা।
অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং কুড়িগ্রাম-২২ বিজিবির ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবাদার মো. মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অংশ নেয়।
ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, এ ঘটনায় আটককৃত এনামুল হক অন্তরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই মোবাইলের কেনাবেচা হয়ে আসছিল। বিজিবির সহায়তায় অভিযান চালিয়ে এসব মোবাইল জব্দ করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply