কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাসে অভিভাবক, শিক্ষক ও সুধীজনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্ন পূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, প্রধান শিক্ষক এসএম সারোয়ার মীর্জা শাহীন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক এবং স্থানীয় অভিভাবকেরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্ন পূর্ণা দেবনাথ বলেন, “কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের শিশুদের ঝরে পড়া রোধ করা এখন কুড়িগ্রামের জন্য বড় চ্যালেঞ্জ।” শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “সব শিশু ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে না। তবে শিশুরা যাতে পরিবার ও সমাজের বোঝা না হয়, সে জন্য অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে।” এ ক্ষেত্রে কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
তিনি আরও বলেন, অর্থ, বিত্ত ও বৈভব যেন শিক্ষার পথে অন্তরায় না হয়। অতীতের শিক্ষা ব্যবস্থার উদাহরণ টেনে তিনি বলেন, একসময় মানুষ মাটিতে বসে কলাপাতায় লিখে শিক্ষা গ্রহণ করেছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো ও উচ্চশিক্ষিত শিক্ষক থাকার পরও কেন কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাচ্ছে না, তা নিয়ে সবাইকে ভাবতে হবে।
জেলা প্রশাসক বলেন, “এটা নেই, ওটা নেই—এ কথা বলে দায়িত্ব এড়ানোর চেষ্টা না করে যা আছে, তা দিয়েই শ্রদ্ধা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” পিছিয়ে পড়া কুড়িগ্রামকে এগিয়ে নিতে তিনি শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মাদক ও বাল্যবিয়ের ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, সীমান্তঘেঁষা কুড়িগ্রাম জেলার অন্যতম বড় সমস্যা মাদক ও বাল্যবিবাহ। মাদকের কারণে অনেক পরিবার ধ্বংস হচ্ছে। অন্যদিকে বাল্যবিয়ের কারণে শিশুদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি জানান, মাদক ও বাল্যবিয়ের সঙ্গে সম্পৃক্ত পরিবারকে কোনো প্রকার সরকারি সেবা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে জেলা প্রশাসক অন্ন পূর্ণা দেবনাথ তিলাই ইউনিয়ন পরিষদ আয়োজিত বাল্যবিবাহ, মাদক ও নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি বৃক্ষের চারা রোপণ করেন।
Leave a Reply