‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’- প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি’র আয়োজনে উপজেলা প্রশাসন এই কর্মসূচী বাস্তবায়ন করে।
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ এতে সভাপতিত্ব করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি গবেষণামুখী ও সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ হতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু আবিষ্কার ও উদ্ভাবনের আগ্রহ সৃষ্টি করে এবং বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনা গড়ে তুলতে সহায়তা করে।
শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে আরও বেশি উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধারণা উপস্থাপন করে।
দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ১০টি স্টল প্রদর্শিত হয়। বিচারকদের মূল্যায়নে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা দ্বিতীয় স্থান এবং সোনাহাট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ী দলগুলোর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
Leave a Reply