কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গভীর রাতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে দুটি প্রজেক্টর, একটি সাউন্ড সিস্টেম ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার দল বাড়ী উত্তর গছিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন (৫৮) এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় চোরচক্র বিদ্যালয়ের অফিস রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিদ্যালয়ের ব্যবহৃত দুটি প্রজেক্টর, একটি সাউন্ড সিস্টেম এবং প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
সকালে বিদ্যালয়ে এসে অফিস কক্ষের ভাঙা তালা দেখে বিষয়টি টের পান শিক্ষকরা। পরে ভেতরে ঢুকে মালামাল খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য, চেয়ারম্যানসহ এলাকাবাসী বিদ্যালয়ে ভিড় করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন জানান, “বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ চুরি হওয়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।”
স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় চুরি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, বিদ্যালয়ের মালামাল চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply