দিনাজপুরের বিরলে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিরল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা নানা সাজে সজ্জিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করে আসছেন। তিনি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি যোতিন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ধর্মীয় বক্তা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও দর্শনের ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন প্রকৌশলী জয়ন্ত কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল ইসলাম, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, বিরল পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির সহ-সভাপতি অধীন চন্দ্র সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
Leave a Reply