দৌলতপুরে বাকিতে সিগারেট না দেয়ায় কান কামড়ে ছিড়ে দিল দোকানীর।
কুষ্টিয়ার দৌলতপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সুমন হোসেন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে।
গত সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা গুরুতর আহত দোকানদার আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি একই গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে এবং সক্রিয় জামায়াত কর্মী। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহতের বড় ভাই নাজমুল ইসলাম দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আমানুজ্জামানের (৪৫) দোকানে গ্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকিতে সিগারেট নিতে গেলে দোকানি তা দিতে অস্বীকৃতি জানান এবং পূর্বের বাকির টাকা পরিশোধের কথা বলেন।
এ সময় তাঁদের মধ্যে বাগ্বিতন্ডার একপর্যায়ে সুমন প্রথমে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে হঠাৎ দোকানির ডান কানের পাতা কামড়ে ছিঁড়ে ফেলেন। ছেড়া কানসহ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের ভাই নাজমুল ইসলাম বলেন, আহত অবস্থায় আমানুজ্জামানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কানের প্রায় পুরো অংশই কামড় দিয়ে ছিড়ে ফেলা হয়েছে। ছেড়া কান পুণরায় প্রতিস্থাপন করা যাবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply