তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের
- আপডেট সময় : ০৮:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৮৪২২ বার পড়া হয়েছে
তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের
সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীতে অবৈধভাবে পাহাড়ের পাড় কেটে খনিজ বালু উত্তোলন করতে গিয়ে বালু ধসে স্কুলছাত্র শাহ আলম নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ৬ জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি মামলা করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে নিহতের বাবা, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের বাসিন্দা সিরাজ আলী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় তাহিরপুরের জাদুকাটা নদীর তীরবর্তী লাউড়েরগড় ঢালার পাড় এলাকার বিল্লাল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া একই মামলায় অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করা হয়েছে।
পড়ুন>> কুড়িগ্রাম সদর হাসপাতালে অনৈতিক সম্পর্কের অভিযোগে চাঞ্চল্য
বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম জানান, মামলার প্রধান আসামিসহ অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার বিশ্বম্ভরপুরের মিয়ার চর গ্রামের সিরাজ আলীর ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহ আলম স্কুল বন্ধ থাকায় অন্যদের সাথে জাদুকাটা নদীর পূর্ব তীরে বালু উত্তোলনের কাজে যায়। নদীর আলীনুরের ঢালার উৎসমুখে ইজারাবহির্ভূত স্থানে অবৈধভাবে পাড় কেটে খনিজ বালু উত্তোলনের সময় হঠাৎ বালুর স্তূপ ধসে পড়লে সে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


























