সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী রবিন হোসেন। সরকারি নির্দেশনা মোতাবেক স্থানীয় সরকার বিভাগের এক আদেশে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, সরকারি সিদ্ধান্ত ও জনস্বার্থ বিবেচনা করে বারুহাস ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে ওই নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের নিয়মিত সেবা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দেওয়া হচ্ছে। নতুন প্রশাসক যোগদানের ফলে নাগরিক সেবা প্রাপ্তি আরও সহজ ও স্বচ্ছ হবে। স্থানীয় জনগণের সনদপত্র, উন্নয়নমূলক কাজ এবং দৈনন্দিন প্রশাসনিক কাজ এখন থেকে নতুন প্রশাসকের তত্ত্বাবধানে নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হবে।
দায়িত্ব পাওয়ার পর প্রকৌশলী রবিন হোসেন জানান, অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। বারুহাস ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঠিক সময়ে সঠিক সেবা পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য। তিনি ইউনিয়নের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
বারুহাস ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক নিয়োগের ফলে স্থানীয় জনপ্রতিনিধির অনুপস্থিতিতে যে প্রশাসনিক স্থবিরতা তৈরি হওয়ার আশঙ্কা ছিল, তা কেটে গেছে।
Leave a Reply