সিরাজগঞ্জের তাড়াশে টিএমএসএস নামের একটি বে-সরকারী এনজিও থেকে নেয়া ৫০ হাজার টাকা ঋণের মধ্যে মাত্র ২৫ হাজার টাকা ঋণ পরিশোধ করতে না পারায় জান্নাতি খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গ্রেফতারি পরোয়ানামূলে থানা পুলিশ গ্রেফতার করেছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার নিজ বাড়ী থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়। জান্নাতি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। জান্নাতির আব্দুর রহিম নামের একটি দেড় বছরের ছেলে সন্তান রয়েছে। জান্নাতি খাতুনকে ছেলেসহ তাড়াশ থানা পুলিশের হেফাজতে রেখে শুক্রবার সকালে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদো সৈয়দপুর পাটগাড়ী পাড়ার আব্দুল গফুরের ছেলে আব্দুর রাজ্জাক এক বছর আগে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের এনজিওতে ক্ষুদ্র ঋণ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার পদে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় কর্মরত ছিলেন।
সে সময় তিনি চাকরির শর্ত মোতাবেক ২৪ হাজার ৮০০ টাকা জামানত জমা রাখেন। পাশাপাশি আব্দুর রাজ্জাক ওই শাখা থেকে তার স্ত্রী জান্নাতি খাতুনের নামে ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণও গ্রহন করেন। এরপর আব্দুর রাজ্জাক ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের এনজিও‘র চাকরি থেকে ইস্তাফা দেন।
এদিকে আব্দুর রাজ্জাক দাবি করেন, ওই এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণের প্রায় ২৫ হাজার টাকা কয়েক কিস্তিতে পরিশোধ করেছি। পাশাপাশি চাকরির সময়ে আমার জামানত রাখা ২৪ হাজার ৮০০ টাকা স্ত্রীর ঋণের সাথে সমন্বয় করতে শাখা ব্যব্স্থাপককে অনুরোধ করি।
কিন্তু এনজিও কর্তৃপক্ষ জামানত রাখা ২৪ হাজার ৮০০ টাকা আমার স্ত্রীর ঋণের সাথে সমন্বয় না করে আমার স্ত্রী জান্নাতির নামে আদালতে মামলা করেন। তবে স্বাক্ষরিত সাদা চেকে কত টাকা দাবি করে মামলা করেছেন এনজিও কর্তৃপক্ষ তাও জানে না।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিবুর রহমান জানান, মূলত জান্নাতি খাতুনকে গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply