টেকনাফের পাহাড়ে কোস্টগার্ডের অভিযানে ৪৪ বন্দি উদ্ধার।
কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে মানব পাচারের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ৪৪ জন বন্দিকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোররাতে এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে বাহারছড়ার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। মধ্যরাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত টানা এ অভিযান চলে।
অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৫ জন পুরুষ ও ২৯ জন নারীসহ মোট ৪৪ জন বন্দিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
উদ্ধারকৃতরা জানান, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে ভালো চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের পাহাড়ের গোপন স্থানে বন্দি করে রাখে। পাচারকারীরা সুযোগ বুঝে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারচক্রের সদস্যদের ধরতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে।”
Leave a Reply