কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রাণনাশের হুমকি
- আপডেট সময় : ০৮:৫০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ২২০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রাণনাশের হুমকি
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নানা অসঙ্গতি নিয়ে প্রতিবাদ করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রাণনাশের হুমকি দিয়েছেন হাসপাতালের ডা. রেদওয়ান ফেরদৌস। এ ঘটনায় শহরজুড়ে চলছে সমালোচনার ঝড়। চিকিৎসকের এমন বেপরোয়া কর্মকান্ডের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন কুড়িগ্রাম শাখা।
আজ সোমবার সকালে কুড়িগ্রাম সদর হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী জেলা কমিটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে যায়। প্রতিনিধিরা তত্ত্বাবধায়কের সাথে দেখা করতে চাইলেও তাকে রুমে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে প্রতিনিধি দলটি হাসপাতাল পরিদর্শনে বের হয়ে আউটডোর বিভাগে দায়িত্বপ্রাপ্ত কোনো ডাক্তারকে উপস্থিত পাননি।
আউটডোরে ডাক্তারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলার পর, কর্তব্যরত ডাক্তার রেদোয়ান ফেরদৌস বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহবায়ক রাজ্য জ্যোতি, যোবায়েদ হোসেন হান্নান, এবং আবরার শাহরিয়ার—কে প্রশাসনিক ভবনের একটি রুমে নিয়ে যান। সেখানে তিনি তাদের হেনস্তা করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
পড়ুন>> নাগেশ্বরীতে ঘুমন্ত ৭ মাসের শিশু নিখোঁজ
তিনি বলেন, “তোমরা বেশি উড়িও না। এভাবে উড়লে মরতে হবে। “ছাত্র প্রতিনিধিরা কে মারবে জানতে চাইলে তিনি বলেন, “যে কেউ মারতে পারে, আমিও মারতে পারি।”
এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহবায়ক রাজ্য জ্যোতি বলেন, হাসপাতালের অসঙ্গতি সমাধানে আলোচনা জন্য গেলে তত্ত্বাবধায়ককে না পেয়ে আমরা আউটডোরে ডাক্তারদের অনুপস্থিতির বিষয়ে প্রশ্ন করলে ডা. রেদওয়ান ফেরদৌস আমাদেরকে হুমকি দিয়ে বলেন-“তোমরা বেশি উড়িও না। এভাবে উড়লে মরতে হবে।”
আমরা তখন তাকে প্রশ্ন করি -কে মারবে জানতে চাইলে তিনি বলেন, “যে কেউ মারতে পারে, আমিও মারতে পারি।” একজন ডাক্তারের এমন আচরণে আমরা অবাক।
এ সময় উপস্থিত বৈষম্যবিরোধী আন্দোলনের অপর সদস্য আবরার শাহরিয়ার বলেন, একজন চিকিৎসক কীভাবে এমন হুমকি দিতে পারেন, তা আমাদের বোধগম্য নয়।
তিনি আদৌ চিকিৎসক নাকি কসাই এটা নিয়ে আমাদের সন্দেহ আছে। তার মতো চিকিৎসকদের কারণেই রোগীরা সুচিকিৎসা পাচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা জানাই।
পড়ুন >> উলিপুরে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ
কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, ‘আমরা পরিবর্তি পরিস্থিতিতে স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করে যাচ্ছি। কিন্তু এই প্রেক্ষাপটে ডাক্তার রেদওয়ান ফেরদৌসের আচরণ অনাকাঙ্ক্ষিত। আমরা তার অপসারণ চাই।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পুলক কুমার সরকার এবং তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকনকে একাধিকবার করা হলেও তারা ফোন রিসিভ করেননি।


























