সিলেটে হামের উপসর্গে ৫ দিনে ১০ শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১০:৫৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে
সিলেটে হামের উপসর্গে গত পাঁচ দিনে ১০ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় এ উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ওই দুই শিশু সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মারা যাওয়া শিশু দুটির বয়স ছিল পাঁচ মাস।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেটে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১০৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সুনামগঞ্জ জেলায়, যেখানে ৪৭ জন শিশু মারা গেছে। এরপরই রয়েছে সিলেট জেলা, যেখানে ৩৬ জন শিশু প্রাণ হারিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে ৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ২২৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৮৩ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬ জন রোগী ভর্তি রয়েছেন।

























