কুয়েতি ট্যাংকারে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব
- আপডেট সময় : ১০:২৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি কুয়েতি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে কুয়েত। এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় 'কিফান' নামের কুয়েতি ট্যাংকারটিতে হামলার এই ঘটনায় ইরানের রাষ্ট্রদূতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ইরানের রাষ্ট্রদূতের কাছে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সোমবার সন্ধ্যায় হরমুজ প্রণালি পার হওয়ার সময় কিফান ট্যাংকারটিকে লক্ষ্য করে ইরানের এই হামলার বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। হামলায় জাহাজটির কয়েকজন নাবিক আহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
এই ঘটনায় কুয়েত তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। তবে হামলার পরিস্থিতি বা আহত নাবিকদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


















