বাংলাদেশ থেকে লাখ কর্মী নেওয়ার খবর গুজব, জানাল জাপান
- আপডেট সময় : ০৩:০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে জাপান সরকারের সম্মতি দেওয়ার খবরটি পুরোপুরি ভিত্তিহীন। সম্প্রতি দেশের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবি নাকচ করেছে টোকিও। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের খবরের কোনো সত্যতা নেই।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি কিতামুরা তোশিহিরো বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই গুজব নিরসনে বিবৃতি দেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের বিষয়টি সত্য নয়।
গত ২৭ অক্টোবর বাংলাদেশ ও জাপানের উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিতামুরা তোশিহিরো জানান, সেই বৈঠকেও কর্মী নিয়োগ সংক্রান্ত এমন কোনো বিষয়ে কোনো আলোচনা হয়নি। প্রকৃত তথ্য জানতে তিনি জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত দ্বিপাক্ষিক বৈঠকের বিস্তারিত বিবরণ দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
সূত্র: দৈনিক এইদিন

























