যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা। তিনি মনে করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিতর্কিত যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো কার্যকর পথ খুঁজে পাচ্ছেন না, যার ফলে তিনি নিজেই নিজেকে এক কঠিন পরিস্থিতির মধ্যে কোণঠাসা করে ফেলেছেন।
দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যানেটা বলেন, ছয় মাসেরও বেশি সময় আগে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে আরেকটি ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ নেওয়ার ঝুঁকিতে রয়েছে। ওবামা প্রশাসনের সময় সিআইএ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা প্যানেটা আরও বলেন, “এটা কোনো রহস্য নয় যে, যুক্তরাষ্ট্র ও ইরান এক ভয়াবহ অচলাবস্থার মধ্যে আটকা পড়েছে, যেখানে এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য সত্যিই খুব কম বিকল্প রয়েছে।”
পেন্টাগনের বর্তমান কমান্ড কাঠামোতে অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্যানেটা বলেন, মার্কিন সেনামন্ত্রী ড্যান ড্রিসকলের আকস্মিক পদত্যাগ এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে চলমান উত্তেজনার বিষয়টি উদ্বেগের কারণ। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ নেতা মনে করেন, এমন অস্থির সময়ে মার্কিন সেনাসদস্যদের যুদ্ধে পাঠানো পেন্টাগনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। তিনি বলেন, “আমরা আমাদের প্রধান প্রতিপক্ষদের কাছে দুর্বলতার বার্তা পাঠাচ্ছি।”
প্যানেটার মতে, বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের সামনে তিনটি বিকল্প রয়েছে। প্রথমত, যুদ্ধ ব্যর্থ হয়েছে স্বীকার করে সেনা প্রত্যাহার করা, যা ট্রাম্পের পক্ষে করা কঠিন। দ্বিতীয়ত, বর্তমান অচলাবস্থা বজায় রেখে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাওয়া, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি বাড়াবে। তৃতীয়ত, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের প্রভাব খর্ব করা। তবে প্যানেটার মতে, ট্রাম্প সম্ভবত এই অচলাবস্থায় জেতার ভান করে খেলা চালিয়ে যাবেন, যদিও বাস্তবে তিনি কোনো জয় পাচ্ছেন না।
এদিকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি এক বিবৃতিতে দাবি করেন, হেগসেথের নেতৃত্বে বিভাগটি পুরোদমে কাজ করছে এবং বিশৃঙ্খলার অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, “বিভাগটি বিশৃঙ্খল—এই ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি আমাদের নিবেদিতপ্রাণ পেশাদার ও যোদ্ধাদের জন্য অপমানজনক।”
মার্চ মাসে ইরান ও ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকেই প্যানেটা ট্রাম্পের কৌশল নিয়ে সমালোচনা করে আসছেন। তিনি মনে করেন, ট্রাম্প এখন এমন এক উভয় সংকটে আছেন যেখানে তিনি না পারছেন যুদ্ধ সম্প্রসারণ করতে, না পারছেন ব্যর্থতা মেনে নিয়ে সরে আসতে। প্যানেটার ভাষায়, “আমার মনে হয়, এই যুদ্ধের কোনো সমাধান না হয়ে আরও ছয় মাস চলার সম্ভাবনাই বেশি।”
তিনি আরও সতর্ক করে বলেন, চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যুক্তরাষ্ট্রকে দুর্বল হিসেবে দেখছে। এই সংঘাত ইরাক বা আফগানিস্তানের মতো আরেকটি ব্যর্থ যুদ্ধে পরিণত হওয়ার পথেই রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply