জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারা একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেন। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই জুলাই আন্দোলন করা হয়েছিল এবং পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বাগেরহাটে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির বাগেরহাট জেলা সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেল।
স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিপি এমন প্রার্থীদের মনোনয়ন দেবে, যাদের কাছ থেকে সেবা পেতে সাধারণ মানুষের কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন হবে না এবং অর্থের বিনিময়ে সেবা নিতে হবে না। যারা সত্যিকার অর্থে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায়, কেবল তাদেরই এনসিপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে।
বাগেরহাটের এই পথসভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ আহসান।
Leave a Reply