কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে ২০২৬) পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকাল ৯টায় প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, পাথরডুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র আব্দুস সবুর, বাঁশজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন ছাত্র কয়ছার আলী, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্জ্ব সোহরাব আলী মন্ডল, এনসিপি ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক ও প্রাক্তন ছাত্র মাহফুজুল ইসলাম কিরণ, আয়োজনের উপদেষ্টা ও প্রাক্তন ছাত্র মুকুল সরকার এবং জিন্নাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র লুৎফর রহমানসহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শামীম হোসেন ও ফজলুর রহমান।
বক্তারা তাদের বক্তব্যে স্কুল জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন। পাশাপাশি এলাকার সামাজিক মূল্যবোধ, ঐক্য ও উন্নয়ন নিয়েও আলোচনা করেন বক্তারা।
Leave a Reply