ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অভিযুক্ত আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪।
একই সঙ্গে শেরপুরের একটি সংসদীয় আসনে নির্বাচনী কারচুপির অভিযোগ এনে পৃথক আবেদন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি জাকির হোসেন-এর নেতৃত্বাধীন হাইকোর্টের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণ করে আদেশ প্রদান করেন। আদালত সংশ্লিষ্ট আসনগুলোর সব ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জামাদি বাংলাদেশ নির্বাচন কমিশন-এর হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীদের নোটিশ প্রদান করা হয়েছে।
আদালতের আদেশে বলা হয়, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী সামগ্রী সংরক্ষিত থাকবে এবং পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগে জামায়াতের করা মামলাগুলো গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আদালতের নির্দেশে সব ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম হেফাজতে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, শেরপুরের একটি আসনে বিএনপির করা আবেদনও একই সঙ্গে গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে আইনি কার্যক্রম চলবে।
Leave a Reply