পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারের বিশেষ সহায়তা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল বিতরণে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এতে করে প্রকৃত উপকারভোগীদের এক বিশাল অংশ সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।
সরকারি বিধিমালা অনুযায়ী, প্রতিটি তালিকাভুক্ত ভিজিএফ কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়ার নির্দেশনা রয়েছে। সদিয়া চাঁদপুর ইউনিয়নে মোট উপকারভোগীর সংখ্যা ২,৫৪০ জন হলেও বাস্তবে চাল বিতরণ করা হয়েছে মাত্র ৫০০ থেকে ৬০০ জনকে। ফলে প্রায় ২,০০০ জন কার্ডধারী কবে? আদৌ চাল পাবেন কি না সে প্রশ্নে রয়েছে চরম অনিশ্চয়তা।
বিকেল ৩টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, স্বল্প সংখ্যক মানুষ চালের জন্য অপেক্ষা করছেন। উপস্থিত একাধিক স্থানীয় বাসিন্দা জানান, একই ব্যক্তি একাধিক কার্ডের চাল উত্তোলন করেছেন। কোথাও কোথাও প্রকৃত কার্ডধারীর অনুপস্থিতিতে অন্য ব্যক্তি টিপসই দিয়ে চাল তুলে নিয়েছেন। এমনকি এক কিশোরকে অন্যের নামে দুটি কার্ডে চাল উত্তোলন করতে দেখা যায়। এক বৃদ্ধ জানান, তিনি নিজের কার্ড নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও চাল পাননি, অথচ তাঁর চোখের সামনেই চাল সরবরাহ করা হয়েছে স্থানীয় ব্যাপারীদের হাতে।
এছাড়াও, স্থানীয়দের অভিযোগ বিতরণের কিছুক্ষণের মধ্যেই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই সরকারি চাল বিক্রি হতে দেখা যায়। যা সরকারি নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। এমন অনিয়মে ইউনিয়ন পরিষদের সচিব, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ইউপি সদস্যদের যোগসাজশ থাকার আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
ঘটনার ব্যাপারে সাংবাদিকরা পরিষদের প্রশাসকের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। তার এই নীরবতা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন, “সরকারি সহায়তা যদি গরিব মানুষের পেট না ভরে, বরং কিছু অসাধু চক্রের লাভের উৎসে পরিণত হয়—তবে এ কার্যক্রমের নৈতিকতা ও লক্ষ্যই প্রশ্নবিদ্ধ হবে।”
তারা দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি, যারা প্রকৃত কার্ডধারী হয়েও চাল পাননি, তাদের মাঝে পুনরায় চাল বিতরণের দাবি জোরালোভাবে তুলেছেন।
Leave a Reply