সংসার -মহুয়া বিশ্বাস
- আপডেট সময় : ১১:৩২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে
সংসার -মহুয়া বিশ্বাস
সংসারেতে খাটনি কত,
বুঝেছি তা বিয়ের পরে ।
তার আগে মা, কি করেছে?
বুঝিনি তা ঘূনাক্ষরে ।
সময় মতো খাবার পেতাম
জামাকাপড় ধোপদুরস্ত,
বিয়ের পরে দেখছি বউয়ে
খাটছে কেমন উদয়াস্ত।
মনের মতো স্বাদ না হলে
সরিয়ে দিতাম ভাতের থালা।
আড়ালে মা চোখ মুছতো
দেখেও ছিলাম অন্ধ, কালা।
আজকে সবই দেখতে হয়,
শুনতেও হয় রোজনামচা।
এধার ওধার একটু হলেই,
ঘন্টা খানেক মুখ ঝামটা।
রোজই এখন স্বাদ পাচ্ছি,
তরকারিতে, ভাতের থালায়।
ভরিয়ে দিচ্ছি দিন রাত তার
প্রশংসা আর কথার মালায়।
সবার কাছে বলছি যেচে
বউটা আমার ভীষণ খাটে।
নইলে রাতে ঠাঁই হবে না
বিয়েয় পাওয়া সেগুন খাটে।
কি জানি আজ এই অবেলায়
মাকে কেন পড়ছে মনে?
একদিনও যার খোঁজ নিইনি
সাগ্রহে বা অন্যমনে।
হয়তো শরীর খারাপ ছিলো
ক্লান্ত ছিলো একলা ঘরে।
হয়তো বা মন ভুগছিলো তার
মন খারাপের কঠিন জ্বরে।
টের পাইনি, আমি তখন
বন্ধু বান্ধব পড়াশোনায়,
ব্যস্ত ভীষণ, দিন কেটেছে
জন্মদিনের আনাগোনায়।
আমার মায়ের দিন রাত সব,
বাঁধা ছিলো আমায় ঘিরে।
সময় মতো সবকিছু তাই
পেয়েই যেতাম ঘুরে ফিরে।
মায়েরা সব মা- ই হয়,
তারা কি কেউ মানুষ নাকি!!
তাইতো তাদের মন খারাপের
খবর নেওয়া আজও বাকি।
পড়ুন>>
মা -মহুয়া বিশ্বাস
অপ্রেম -মহুয়া বিশ্বাস
সংসার -মহুয়া বিশ্বাস
অভিনয় -মহুয়া বিশ্বাস
পাঁচিল -মহুয়া বিশ্বাস
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























