হাদিকে হত্যার চেষ্টাকারী সন্দেহভাজন ফয়সাল মাসুদ ও তার আইটি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার মালিকানাধীন আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
রোববার (১৪ ডিসেম্বর) এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদের প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ দেশের সফটওয়্যার ও আইটি খাতের সংগঠন বেসিস (BASIS)-এর সদস্য।
এদিকে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
প্রসঙ্গত, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ২৪ মিনিটে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। ঘটনার পরপরই তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
হত্যাচেষ্টার এই ঘটনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সব আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে বলে এনবিআরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
Leave a Reply