শক্তিশালী আন্দোলনের ভীত গড়তে এনায়েতপুরে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ২নং স্থল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ জুন ২০২৫) সকালে ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি শামসুল হুদার নিজ বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব আমিরুল ইসলাম খাঁন আলীম।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খাঁন আলীম বলেন, “বিএনপি জনগণের দল, গণতন্ত্রের প্রতীক। তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে দলকে সংগঠিত করে নতুন ভাবে পথচলা শুরু হয়েছে।
এই কার্যক্রমের মধ্য দিয়ে আগামী আন্দোলন-সংগ্রামে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা হবে। যাদের রক্তে শহীদ জিয়াউর রহমানের আদর্শ প্রবাহিত হয়, তারাই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে তৃণমূলকে সংগঠিত করা ছাড়া কোনো বিকল্প নেই। বিএনপির প্রতিটি কর্মীই একেকজন অগ্রভাগের যোদ্ধা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও প্রবীণ রাজনীতিক হাজী মোঃ এমদাদুল হক।
আরও ব্ক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব মোঃ সাইদুল ইসলাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিজয় আহমেদ, ২নং স্থল ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম সুফিসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন ব্যাপারী।
সভাস্থলে ‘তারেক রহমান জিন্দাবাদ’, ‘বিএনপি জিন্দাবাদ’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শেষে নেতৃবৃন্দ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের হাতে সদস্য নবায়ন ও সংগ্রহ ফরম তুলে দেন।
Leave a Reply