লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কার্যক্রমে ব্যবহৃত একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। পরে টাকা ও গাড়ি জব্দ করে রাখলেও, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে লক্ষ্মীপুর শহরের ঝুমুর গোল চত্বরে। নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল।
সূত্র জানায়, বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের ব্যবহৃত গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৭-১৩৭৭) তল্লাশি করে নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। গাড়িটিতে কৃষক দল নেতা শ্যামলসহ তিনজন অবস্থান করছিলেন।
উদ্ধারকৃত টাকা ও গাড়ি জব্দ করে অভিযুক্তদের লক্ষ্মীপুর জেলা জজ আদালতের ৪র্থ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন অভিযুক্তদের আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।
পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই ঘটনায় নির্বাচনী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
Leave a Reply