রাজিবপুরে দুই জুয়াড়ি ও ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ১০:৫৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে
রাজিবপুরে দুই জুয়াড়ি ও ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের দক্ষিন চর সাজাই ও চর সাজাই রহিঙ্গা পাড়া গ্রামে পৃথক অভিযানে দুই জুয়াড়ি এবং ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ। ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে ও বিকেলে এই অভিযান পরিচালিত হয় বলে রাজিবপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে দক্ষিন চর সাজাই গ্রামে অভিযান চালিয়ে মৃত নইমুদ্দিনের ছেলে আসমত আলী ও আলহাজ্ব কোরবান আলীর ছেলে মহর আলীকে জুয়া খেলার সময় আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৮ শ ১০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে ।
অপর একটি অভিযানে বিকেল ৪টা ৩০ মিনিটে রাজিবপুর থানা পুলিশ চর সাজাই রহিঙ্গা পাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ওমর আলীর ছেলে হারুন অর রসিদকে গ্রেফতার করে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । পুলিশের মতে, হারুন অর রসিদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গিয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন (ওসি) বলেন, “মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সমাজকে এসব ক্ষতিকর অভ্যাস থেকে রক্ষা করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জুয়া ও মাদক প্রতিরোধে স্থানীয় জনগণকেও আমাদের সহযোগিতা করতে হবে।”
এলাকাবাসী জানায়, যুব সমাজের মধ্যে মাদক ও জুয়ার আসক্তি বৃদ্ধি পাওয়ায় তারা বেশ উদ্বিগ্ন। এই অভিযানের ফলে এলাকাবাসী পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গ্রেফতারকৃতদের বুধবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে থানার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।






















