পুরো রোহিঙ্গা ক্যাম্প যেন মাদকের হাট
- আপডেট সময় : ০২:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ৩৫৯ বার পড়া হয়েছে
পুরো রোহিঙ্গা ক্যাম্প যেন মাদকের হাটে পরিণত হয়েছে। এই মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে চলে হত্যাকাণ্ড, মারামারি ও আধিপত্য বিস্তার।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ মাসে অন্তত ৫০ কোটি টাকা মূল্যের ইয়াবা ও আইস আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সর্বশেষ, গত ৭ নভেম্বর রোহিঙ্গা দম্পতি শওকত ইসলাম ও তার স্ত্রী মর্জিনা বেগমকে মাদক বিক্রির ১ কোটি ১৭ লাখ টাকা ও ৫ হাজার ইয়াবাসহ চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে আটক করে র্যাব-৭।
অন্যদিকে, কক্সবাজার র্যাব-১৫ অভিযান চালিয়ে গত ৪ নভেম্বর উখিয়ার বালুখালী পান বাজার এলাকা থেকে মরজিন নামে এক রোহিঙ্গা নারীর দেহ তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে। এর আগে কক্সবাজার ৩৪-বিজিবি উখিয়ার রহমতের বিল ও রাজাপালং আমতলী ও রেজু আমতলীতে পৃথক অভিযান চালিয়ে তিন রোহিঙ্গাসহ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
গত ১৫ জুলাই টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে বসতঘরে মাটির নিচে লুকিয়ে রাখা নগদ ২০ লাখ টাকা উদ্ধার করা হয়। টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকের সুলতানের ঘরে অস্ত্র ও মাদকের চালান মজুতের খবরে অভিযানে যায় এপিবিএনের একটি দল। বাড়ি ঘিরে ফেললে পালিয়ে যান একজন। পরে ক্যাম্পের বাসিন্দা সুলতানের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় নুর বারেক নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী, মেঝে খুঁড়ে পাওয়া যায় একটি প্লাস্টিকের বালতি, যার মুখ খুলতেই বেরিয়ে আসে একের পর এক টাকার বান্ডিল।
১৪-এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনর রশীদ জানান, উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে মাদক, অস্ত্র ও অপরাধমুক্ত করতে অভিযান অব্যাহত আছে।
এছাড়াও পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন, কোস্টগার্ড ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতর গত মাসে সারাদেশে অভিযান চালিয়ে প্রায় এক কোটি ইয়াবাসহ ১৩৫ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, রোহিঙ্গা ও স্থানীয়রা মিলে রোহিঙ্গা শিবিরকে মাদকের হাট বানিয়ে তুলেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























