যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কবলে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ
- আপডেট সময় : ০৯:৫৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা গ্রহণ করেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আগামীতে দেশভেদে এই বাড়তি শুল্কের হার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। এই তালিকায় থাকা চীনের পণ্যের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে এই হার ২০ বা ২৫ শতাংশ নির্ধারণের কথা বলা হয়েছে। সবচেয়ে বেশি ৪০ শতাংশ শুল্কের মুখে পড়তে পারে চীন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইতোমধ্যে আরোপ করা শুল্কের সঙ্গে এই নতুন শুল্ক যুক্ত হবে।
গত ২৫ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর সংশ্লিষ্ট দেশগুলোর অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের পর এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের তদন্তে দেখা হয়েছে যে, এসব দেশের উৎপাদনকাঠামো ও নীতি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য বৈষম্যমূলক কি না। মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এই তালিকার অন্যান্য দেশের মধ্যে রয়েছে কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান ও থাইল্যান্ড।
তৈরি পোশাক, চামড়া শিল্প ও সিমেন্ট খাতের ওপর বিশেষ তদন্ত চালিয়েছে মার্কিন কর্তৃপক্ষ এবং এ বিষয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একাধিকবার শুনানি হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যে গড়ে ১৫ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। গত জুলাই মাসে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞার শর্ত না মানার অভিযোগে আরও ১০ শতাংশ শুল্ক যোগ করা হয়েছিল, যা বর্তমানে ২৫ শতাংশে দাঁড়িয়েছে। নতুন এই প্রস্তাব কার্যকর হলে মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যের ওপর মোট শুল্কের হার ৪৫ থেকে ৫০ শতাংশে পৌঁছাতে পারে।
মার্কিন প্রশাসনের দাবি, চীন ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সরঞ্জাম ও সৌরবিদ্যুৎ পণ্যের মাধ্যমে বৈশ্বিক বাজার সয়লাব করে ফেলছে, যা মার্কিন বাণিজ্যের জন্য ক্ষতিকর। তবে বেইজিং এই অভিযোগ প্রত্যাখ্যান করে একে তাদের রপ্তানি সক্ষমতার স্বাভাবিক প্রতিফলন হিসেবে বর্ণনা করেছে। মূলত গত মার্চ মাসে শুরু হওয়া অতিরিক্ত সক্ষমতা বিষয়ক তদন্ত এবং ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম আইন শিথিলতার অভিযোগ নিয়ে পৃথক তদন্তের ওপর ভিত্তি করে এই নতুন শুল্ককাঠামো সাজানো হচ্ছে।
এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন মূলত ‘লিবারেশন ডে’ নামে পরিচিত আগের শুল্কব্যবস্থাকে পুনর্গঠন করতে চায়, যা গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল। মার্কিন সরকারের এই নতুন নীতি বাস্তবায়িত হলে তা সংশ্লিষ্ট দেশগুলোর রপ্তানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















