নাগেশ্বরীতে রাতে আধাঁরে সার পাচারের সময় ৪ মেট্রিক টন ডিএপি জব্দ।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে এক বিএডিসি অনুমোদিত সার ডিলারের বিরুদ্ধে রাতে গোপনে সার সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহায়তায় শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে মাস্টারমোড় এলাকা থেকে ৪ মেট্রিক টন ডিএপি সার জব্দ করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিএডিসি ডিলার মোছা হালিমা খাতুনের মালিকানাধীন মেসার্স রাদিয়া ট্রেডার্স গোডাউন থেকে রাত ৮টার দিকে ৮০ বস্তা ডিএপি সার (প্রতি বস্তায় ৫০ কেজি) একটি নছিমন গাড়িতে তুলে অন্যত্র পরিবহনের চেষ্টা করা হয়। মাস্টারমোড় বাজারের ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িটির সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা সেটি থামান। তবে চালক পরিবহনের বৈধ কারণ দেখাতে না পারায় স্থানীয়রা নছিমনটি আটকে রাখেন। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, এলাকায় প্রায়ই সার সংকট দেখা দেয় এবং নির্ধারিত মূল্যে সার পাওয়া কঠিন হয়ে পড়ে। “আগেও গোপনে সার সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল,” বলেন একাধিক কৃষক।
নাগেশ্বরী থানার উপপরিদর্শক (এসআই) নাদিম জানান, “এসিল্যান্ড ও ওসির নির্দেশে নছিমন ও সার জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। ”ঘটনার বিষয়ে ডিলার হালিমা খাতুন কোনো মন্তব্য করতে রাজি হননি।
নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, সারগুলো স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে পাঠানো হচ্ছিল। “পরে জনতা গাড়ি আটকে দেয়। শনিবার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুজ্জামান রিশাদ বলেন, “জব্দকৃত সার ও গাড়ি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। সরেজমিন পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় কৃষকদের দাবি, নিয়মিত মনিটরিং ও কঠোর নজরদারি না থাকায় এমন অনিয়ম প্রায়ই ঘটে থাকে।
Leave a Reply