শীতের সন্ধ্যায় ঝাল ভর্তা দিয়ে গরম গরম নরম তুলতুলে চিতই পিঠার মজাই আলাদা। চিতই পিঠা বানাতে গেলে ঠিকমতো ফুলে ওঠেনা, ভেতরে নরম বা কাঁচা থেকে যায়। কখনো আবার নরম তুলতুলে না হয়ে শক্ত হয়ে যায়। চিতই পিঠার ভেতরের অংশ হয় জালি জালি এবং নরম।
এছাড়া একদিকে নরম তুলতুলে ও আরেক দিক হয় হালকা মচমচে। কীভাবে বানাবেন এমন পিঠা? জেনে নেই নরম তুলতুলে চিতুই পিঠা তৈরির রেসিপি।
২ কাপ চালের গুঁড়া নিন একটি বড় বাটিতে। এর সঙ্গে মেশান আধা চা চামচ লবণ। ভালো করে মিশিয়ে ২ কাপ গরম পানি দিন। গরম পানির সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নিন। একটু আঠালো মনে হলেও আর পানি দেবেন না। মেশাতে মেশাতে নরম হয়ে যাবে মিশ্রণটি। একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বেল্ড করে নিতে পারেন এক থেকে দেড় মিনিট।
মিশ্রণটি একেবারে নরম হয়ে যাবে। দুই থেকে ৪ টেবিল চামচ পর্যন্ত পানি মেশাতে পারেন এই পর্যায়ে, যদি প্রয়োজন মনে করেন। তবে এর বেশি পানি দেবেন না। ১০ মিনিটের জন্য ঢেকে রাখুন পিঠার মিশ্রণটি।
চুলার জ্বাল বাড়িয়ে একটি লোহার কড়াই গরম করুন। একটি পাতলা কাপড়ে তেল আর পানির মিশ্রণ নিয়ে কড়াইয়ে ঘষে নিন। এতে খুব সহজে পিঠা কড়াই থেকে উঠে আসবে। একটি গর্তওয়ালা চামচের সাহায্যে ব্যাটার নিয়ে কড়াইয়ে দিয়ে দিন।
কড়াই ঢেকে চুলার জ্বাল মিডিয়াম হাই করে দিন। আড়াই থেকে তিন মিনিটের জন্য অপেক্ষা করুন।
চালের গুঁড়ার সঙ্গে মেশানো গরম পানি অতিরিক্ত গরম যেন না হয়। আবার কুসুম গরম হলেও চলবে না। এই দুইয়ের মাঝামাঝি তাপমাত্রার হতে হবে।
ব্যাটার দেওয়ার আগে অবশ্যই ভালো মতো গরম করতে হবে কড়াই। প্রতিবার কড়াইয়ে পিঠা দেওয়ার সময় ব্যাটার নেড়ে নেবেন ভালো করে।
Leave a Reply