বগুড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি
- আপডেট সময় : ০৩:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বগুড়ায় দ্রুত অভ্যন্তরীণ ফ্লাইট পরিষেবা চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ায় আয়োজিত প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যদের মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এমপি রেজাউল করিম বাদশা জানান, আন্তর্জাতিক মানের বিমানবন্দর পুরোপুরি প্রস্তুত করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে। সেই বাস্তবতাকে সামনে রেখে আপাতত বেসরকারি বিমান সংস্থাগুলোর মাধ্যমে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ করে কার্যক্রম শুরুর প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।
সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে বগুড়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সেখানে বগুড়ার সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আলোচনায় বগুড়া বিমানবন্দর চালুর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিমানবন্দর চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, প্রাথমিকভাবে রানওয়ে সম্প্রসারণ এবং একটি নতুন টার্মিনাল নির্মাণের কাজ হাতে নেওয়া হতে পারে। এই কাজগুলো শেষ হলেই ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বগুড়া সফর নিয়ে তথ্য দিয়েছেন এমপি বাদশা। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন। সফরকালে তিনি মোকামতলা পৌরসভা, থানা ও উপজেলার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।
এছাড়া গোবিন্দগঞ্জে করতোয়া নদীর গুরুত্বপূর্ণ এলাকায় খনন কাজের উদ্বোধন এবং একটি জনসভায় প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। সফরের অংশ হিসেবে একই দিন সন্ধ্যায় বগুড়ার টিটু মিলনায়তনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

























