ফিলিস্তিনে দ্রুত নির্বাচনের আহ্বান জানাল ৮টি উন্নত দেশ
- আপডেট সময় : ০৩:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে ফিলিস্তিনে দ্রুত নির্বাচনের আয়োজন করতে দেশটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যসহ আটটি দেশ। অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা গত শনিবার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান। তাদের মতে, ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর মূল ভিত্তি হিসেবে গণতান্ত্রিক নীতিগুলো টিকিয়ে রাখতে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি এবং অপরিহার্য। যৌথ বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি দেশগুলোর অব্যাহত সমর্থনের সঙ্গে সংস্কার ও গণতান্ত্রিক নবায়নের অঙ্গীকারও জড়িত।
ফিলিস্তিনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ৯০ বছর বয়সী মাহমুদ আব্বাস সর্বশেষ ২০০৫ সালে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালে তার মেয়াদ শেষ হলেও এরপর থেকে তিনি মূলত ডিক্রির মাধ্যমেই শাসনকার্য পরিচালনা করছেন। গত মাসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসও মন্তব্য করেছিলেন যে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অনেক আগেই নির্বাচন হওয়া প্রয়োজন ছিল। আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটি গত মাসে জানায়, অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় নির্বাচন আয়োজনের অনুকূল পরিবেশ নেই। এরপর থেকেই ফিলিস্তিন কর্তৃপক্ষের সংখ্যাগরিষ্ঠ দল আব্বাসের ফাতাহর সঙ্গে হামাসের বিরোধ ও রাজনৈতিক বিভক্তি চলছে।
উল্লেখ্য, ২০০৬ সালে সর্বশেষ সংসদীয় নির্বাচনে জয়লাভ করার পর হামাস গাজায় সরকার গঠন করেছিল। এরপর থেকে দীর্ঘ সময় ধরে দেশটিতে আর কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০২৫ সালের সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের উদ্যোগ নেবেন। যদিও পরবর্তীতে তিনি নির্বাচনের নতুন তারিখ ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর নির্ধারণ করেছিলেন, যা এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মহলের এই চাপ ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন গতি সঞ্চার করবে কি না, তা এখন দেখার বিষয়। ২০০৬ সালের পর প্রথমবারের মতো এই নির্বাচন শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ টিকিয়ে রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ। একই দিনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনেরও ঘোষণা দেন। তাদের ভাষ্য, ইসরায়েল গাজায় নির্বাচনি সামগ্রী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেয়নি।

























