সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বেইত জিন শহরে সাধারণ নাগরিকদের বহনকারী একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবৃতিতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। দোহা মনে করে, ইসরায়েলের এই ধরনের বেপরোয়া কর্মকাণ্ড দেশটির নিরাপত্তা ও সুরক্ষার জন্য বড় ধরনের হুমকি। বারবার আঞ্চলিক দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েল পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয় বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।
আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে কাতার জানিয়েছে, এ ধরনের উসকানিমূলক আচরণ বন্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অপরাধীদের জবাবদিহিতার আওতায় না আনলে তা পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকিতে ফেলবে। একই সঙ্গে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সরকার ও জনগণের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে কাতার।
সূত্র: গালফ বাংলা
Leave a Reply