জয়পুরহাট-১ আসনে বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধান ও স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট শহরের সরকারি কলেজ সংলগ্ন তাঁতিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, তাজুর মোড় এলাকার রোমান হোসেন (৩৯), ফরিদপুরের নগরকান্দার আল হামজা (৩০), ফরিদপুর সদর উপজেলার তানজিদ (২৯), পাঁচবিবির দানেজপুরের তৌফিক হোসেন (২৬), শান্তিনগরের রাজিব হোসেন (৪০), আল আমিন (৩৫), ফরিদপুর সদর উপজেলার সোহাস (২৪), রোহান (২৬) ও ফরিদপুরের সদরপুরের আব্দুল্লাহ (২৬)।
জয়পুরহাট জাতীয়তাবাদী শ্রমিক দলের পৌর কমিটির সাবেক আহ্বায়ক গোলাম মর্তুজা শিপলু ও জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ভাড়াটে লোকজন এনে তাঁতিপাড়া এলাকায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা বাধা দিলে সংঘর্ষ বাধে এবং ধানের শীষ প্রতীকের কয়েকজন কর্মী মারধরের শিকার হন।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রোহান, সোহাগ ও আব্দুল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, তারা সরকারি কলেজ কেন্দ্রের পাশে বুথ (স্লিপ সরবরাহের স্থান) নির্ধারণ দেখতে গেলে বিএনপি সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।
জয়পুরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবাই আশঙ্কামুক্ত।
সদর থানার ওসি আনিছুর রহমান বলেন, “পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহারের শ্বশুরবাড়ি ফরিদপুর জেলা সদরে বলে জানা গেছে।
Leave a Reply