কুড়িগ্রামে নির্বিঘ্ন রথযাত্রা: কঠোর নিরাপত্তায় উল্লাসে মুখর সনাতন ধর্মাবলম্বীরা।
কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। উৎসব ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে শুরু থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (২৭ জুন) বিকেলে শহরের পুরাতন পোস্ট অফিসপাড়া থেকে রথযাত্রার শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় হাজারো ধর্মপ্রাণ সনাতনী ভক্ত।
জেলা প্রশাসন ও সেনা সূত্রে জানা যায়, জেলা প্রশাসক নুসরাত সুলতানার তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সদস্য এবং রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ “বিজয়ী বাইশ” সেনাদল সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। ২৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সেনাবাহিনী কুড়িগ্রামে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
রথযাত্রায় অংশ নেওয়া সুজন মোহন্ত জানান, “অন্যান্য বছরের তুলনায় এ বছর আরো সুশৃঙ্খল ও নির্ভয়ে আনন্দ করতে পেরেছি। এ যাত্রায় সবার মঙ্গল হোক এই কামনা করি।”
কুড়িগ্রাম অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার দাউদ উজ জামান আরাফাত বলেন, “রথযাত্রা নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “রথযাত্রা শান্তিপূর্ণ করতে আমরা কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করেছি। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সদা প্রস্তুত রয়েছে।”
Leave a Reply