এলপিজির দাম কেন বেড়েছে, ব্যাখ্যা দিল লোয়াব
- আপডেট সময় : ০৯:০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
দেশের বাজারে এলপিজির মূল্যবৃদ্ধি নিয়ে চলমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। সংগঠনটির সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ার পেছনে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিভিন্ন কারণ তুলে ধরা হয়। কোন্ পরিস্থিতিতে কি কারণে দাম বাড়ছে এবং এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আসা বিভিন্ন প্রশ্ন এবং উদ্বেগের জবাবও দিয়েছে সংগঠনটি।
লোয়াবের তথ্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের প্রায় ৮০ শতাংশ খরচই নির্ভর করে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কেনা ও আমদানির ওপর। বাকি ২০ শতাংশ ব্যয়ের মধ্যে রয়েছে ভ্যাট, ট্যাক্স, সিলিন্ডারে গ্যাস ভরা, স্থানীয় পরিবহন এবং ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন। তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে স্থানীয় পর্যায়ে তা নিয়ন্ত্রণ করার সুযোগ অত্যন্ত সীমিত থাকে।
সংগঠনটি জানিয়েছে, ২০২৫ সালে প্রতি টন গ্যাসের সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইস (সিপি) গড়ে ৫৫২ ডলার থাকলেও ২০২৬ সালে তা বেড়ে গড়ে প্রায় ৬৬৬ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ, কাঁচামালের মূল্য এক বছরের ব্যবধানে প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে, যা সরবরাহ ব্যবস্থাকে অনিশ্চিত করে তুলেছে। একই সঙ্গে প্রচলিত অনেক সরবরাহ চুক্তি বাতিল হয়েছে এবং অনেক চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আমদানির উদ্যোগ নেওয়ায় বিশ্বব্যাপী সংকটের মধ্যেও সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। বর্তমানে দেশের মোট চাহিদার ৮০ শতাংশই যুক্তরাষ্ট্র থেকে পূরণ হচ্ছে। তবে ডলারের বিপরীতে টাকার মান প্রায় ৩ শতাংশ কমে যাওয়ায় আমদানিকারকদের এলসি খোলাসহ আমদানি ব্যয় অনেকটা বেড়ে গেছে।
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে দামের পার্থক্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লোয়াব জানায়, সেখানে পর্যাপ্ত গভীরতার বন্দরে বড় আকারের ভেরি লার্জ গ্যাস ক্যারিয়ার (ভিএলজিসি) সরাসরি ভিড়তে পারে, যা মাত্র ৩ থেকে ৪ দিনে ৪২ হাজার টন গ্যাস খালাস করে। বিপরীতে, বাংলাদেশের বন্দরগুলোর গভীরতা কম হওয়ায় গভীর সমুদ্রে লাইটারিং করতে হয়। এই প্রক্রিয়ায় প্রায় ২৫ দিন সময় লাগে এবং একটি বড় জাহাজের পেছনে দৈনিক ২ লাখ ডলার ব্যয় হয়। এই হিসেবে ২০ দিনে শুধু লাইটারিং খাতেই প্রায় ৪০ লাখ বা চার মিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হয়, যা শেষ পর্যন্ত গ্রাহক পর্যায়ের দামে প্রভাব ফেলে। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের এলপিজির দামের তুলনা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের বাজারব্যবস্থা, অবকাঠামো, উৎপাদন সক্ষমতা এবং সরকারি আর্থিক সহায়তার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
লোয়াব জানিয়েছে, মহেশখালীতে সরকারি বা যৌথ উদ্যোগে ল্যান্ড টার্মিনাল নির্মাণ করা গেলে এই খরচ অনেকাংশে কমে আসবে। অন্যদিকে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সরকার এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কঠোর নির্দেশনা দিয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগও নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। এই প্রেক্ষাপটে সংগঠনের পক্ষ থেকে সব অপারেটর ও পরিবেশককে বিইআরসি নির্ধারিত মূল্যে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























