উত্তরপ্রদেশের সম্ভলে অবৈধ মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন
- আপডেট সময় : ০১:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
ভারতের উত্তরপ্রদেশের সম্ভল জেলায় একটি মসজিদ উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার জেলার আসমোলি এলাকার কুতুবপুর সাত্তা গ্রামে এই অভিযান পরিচালিত হয়। স্থাপনাটি অনুমোদনহীনভাবে নির্মিত হয়েছিল বলে পুলিশের দাবি। সরকারি জমিতে কোনো প্রকার অনুমতি ছাড়াই এই স্থাপনাটি গড়ে তোলা হয়েছিল বলে জানান কর্মকর্তারা।
তহসিলদার ধীরেন্দ্র কুমার সিং জানান, জনবসতিপূর্ণ এলাকার প্রায় ১৫০ বর্গমিটার ওয়াক্ফ ঘোষিত জমিতে ওয়াক্ফ বোর্ডের অনুমতি ছাড়াই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। স্থাপনাটি অবৈধভাবে তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি জমি উদ্ধারে আজ এই অভিযান চালানো হচ্ছে।
আসমোলি সার্কেল কর্মকর্তা আমান সিং জানান, এক মাসেরও বেশি সময় আগে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও রাজস্ব বিভাগের কাছে অভিযোগ করেছিলেন যে, গ্রামের জনসাধারণের ব্যবহারের জন্য নির্ধারিত জমিতে অবৈধভাবে মসজিদ নির্মাণ করা হচ্ছে। এরপর একটি যৌথ দল তদন্ত করে দেখে যে, নির্মাণকাজের কোনো বৈধ অনুমোদন নেই। তদন্তের পর সম্ভলের মহকুমা শাসক (এসডিএম) স্থাপনাটি অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলার নির্দেশ দেন।
অভিযানকে কেন্দ্র করে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়। অভিযানে চারজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও), ১০টি থানার পুলিশ এবং প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারির (পিএসি) একটি প্লাটুন মোতায়েন করা হয়। নিরাপত্তার খাতিরে ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হয় এবং পুলিশ সদস্যদের আশপাশের ভবনের ছাদেও অবস্থান নিতে দেখা যায়। ঘনবসতিপূর্ণ এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নেওয়া হয় বিশেষ সতর্কতা।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























