আসন সমঝোতার দ্বারপ্রান্তে জামায়াত-এনসিপি: ঘোষণা যে কোনো সময়
- আপডেট সময় : ১১:২৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৯৪৩৯ বার পড়া হয়েছে
আসন সমঝোতার দ্বারপ্রান্তে জামায়াত-এনসিপি: ঘোষণা যে কোনো সময়
আসন সমঝোতার দ্বারপ্রান্তে জামায়াত-এনসিপি: ঘোষণা যে কোনো সময়।
নির্বাচনী ডামাডোল বাজতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই সময়কে সামনে রেখে রাজনৈতিক দলগুলো জোট গঠন ও আসন সমঝোতা চূড়ান্ত করতে তৎপরতা বাড়িয়েছে। শেষ মুহূর্তে এসে বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণও।
এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে আলোচিত আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার রাতে দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে রুদ্ধদ্বার দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, সমঝোতার বিষয়টি এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। সব কিছু ঠিক থাকলে ২৯ ডিসেম্বরের মধ্যেই ঘোষণা আসবে, এমনকি শনিবার বা রোববারও তা জানানো হতে পারে।
পড়ুন>>ফেনীতে মদ ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
এনসিপির নেতাদের ভাষ্য, সংস্কার ও রাজনৈতিক কৌশলের প্রশ্নে জামায়াতের সঙ্গে ঐকমত্য হওয়ায় এই সমঝোতা হয়েছে। দলের নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য এবং শীর্ষ নেতৃত্ব এতে সম্মত হয়েছেন। শুরুতে আপত্তি থাকলেও নারী নেত্রীদের একটি অংশসহ বিরোধিতাকারীরাও শেষ পর্যন্ত দলের বৃহত্তর স্বার্থে সম্মতি দিয়েছেন।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেন, আগামী রবি বা সোমবারের মধ্যেই আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসবে। কে কোন আসন থেকে নির্বাচন করবেন, সেটিও খুব দ্রুত স্পষ্ট হবে।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি অন্তত ৫০টি আসন দাবি করলেও প্রাথমিকভাবে ৩০টি আসন নিয়ে আলোচনা এগিয়েছে। খসড়া তালিকা অনুযায়ী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১, সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮, সারজিস আলম পঞ্চগড়-১সহ একাধিক শীর্ষ নেতা বিভিন্ন আসনে জামায়াতের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করতে পারেন।
পড়ুন>> কাউনিয়ায় অসহায় মানুষের এক বেলা পেটভরে খাবারের আয়োজন!
এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। যদিও তিনি এখনো কোনো দল বা জোটে যোগদানের চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি, তবে এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, তিনি শিগগিরই দলে যোগ দিতে পারেন এবং খসড়া তালিকায় তার নাম রয়েছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দলটি দেড়শ থেকে দুইশ আসনে সরাসরি প্রার্থী দেবে। জোট চূড়ান্ত হলে এনসিপি, এবি পার্টি ও অন্যান্য মিত্রদের জন্য বাকি আসন ছেড়ে দেওয়া হবে।
উল্লেখ্য, আসন সমঝোতা বা জোট হলেও এনসিপি নিজস্ব প্রতীক ‘শাপলা কলি’ নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে দলটির পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























