কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ–২০২৬। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির পর্দা নামে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক ধারণা উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। পরিবেহশবান্ধব প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও দৈনন্দিন জীবনের সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধান নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়।
এ ছাড়া আয়োজিত ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেয়। একই সঙ্গে অনুষ্ঠিত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তা তৌহিদুল ইসলাম তত্ত্বাবধান করেন।
কর্মসূচির পৃষ্ঠপোষকতায় ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সার্বিক আয়োজন করে উপজেলা প্রশাসন, ভূরুঙ্গামারী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলবে এবং উদ্ভাবনী বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
Leave a Reply