ভূরুঙ্গামারীতে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ পদক্ষেপের ফলে ১১ বছর বয়সী ওই শিশু ফিরে পেয়েছে তার স্কুলজীবন ও স্বপ্নের বই-খাতা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম উত্তর পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মইদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ের বিয়ের আয়োজন চলছিল গোপনে। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় সাংবাদিক ও যুব সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন।
পরে কিশোরীর মামা ও মা উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার লিখিত অঙ্গীকার করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন জানান, “শুক্রবার রাতে খবর পাই, পাথরডুবিতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ের প্রস্তুতি চলছে। সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে বিষয়টি জানাই এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও যুব সংগঠনগুলোকে ব্যবস্থা নিতে বলি। পরে সবার সহযোগিতায় বাল্যবিয়েটি বন্ধ করা সম্ভব হয়।”
তিনি আরও বলেন, “বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ। আমরা সময়মতো না পৌঁছালে হয়তো এই বিয়েটি সম্পন্ন হয়ে যেত।”
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “বাল্যবিবাহ সমাজের জন্য বড় অভিশাপ। আমরা চাই, প্রতিটি কন্যাশিশু নিরাপদ ও স্বপ্নময় শৈশব উপভোগ করুক। কন্যাশিশু যেন পরিবার, আত্মীয়স্বজন ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে বড় হয়—সে জন্য সবাইকে সচেতন হতে হবে। প্রশাসন সবসময় এ ধরনের বাল্যবিয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সমাজের দায়িত্বশীল নাগরিক ও সাংবাদিকদের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসনের তৎপরতায় বাল্যবিয়ে বন্ধ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে। শিক্ষার্থীর সহপাঠীরাও খুশি হয়ে জানিয়েছে, তারা আবার স্কুলে তাকে ফিরে পেয়েছে।
Leave a Reply