কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে একটি সুপারি বাগান থেকে তাপ রোধক নেট শেডে পদ্ধতিতে চাষ করা অর্ধশত গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, দক্ষিণ বাঁশজানি গ্রামের একটি সুপারি বাগানে তাপ ও বৃষ্টি প্রতিরোধী তারজালি বেষ্টনী তৈরি করে গাঁজার চাষ করে আসছিলেন এলাকার চিহ্নিত মাদক কারবারি জামাল উদ্দিন (৫০) ও তার ছেলে রুবেল হোসেন (২৫)। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পিতা-পুত্র সীমান্তের কাঁটাতারের নিচের একটি ড্রেনেজ লাইন দিয়ে ভারতের দিকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। পরে বাগান থেকে প্রায় ৫০টি ছোট-বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা চাষে ব্যবহৃত তাপ ও বৃষ্টি প্রতিরোধী বিশেষ বেষ্টনীও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, উদ্ধার করা গাঁজা গাছ ও চাষাবাদে ব্যবহৃত বেষ্টনী জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
Leave a Reply