ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি: ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড ও জরিমানা
- আপডেট সময় : ০৩:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নকল দুধ তৈরি ও বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কৈডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও সাজা প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে ৩২০ লিটার ভেজাল দুধের পাশাপাশি তা তৈরির বিপুল পরিমাণ কেমিক্যাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পাবনা জেলা এনএসআই কার্যালয়ের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। তিনি ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় এই দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন কৈডাঙ্গা গ্রামের বাসিন্দা আবুল বাশার ও মো. সবুজ। এর মধ্যে আবুল বাশারকে এক বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে মো. সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে অসাধু প্রক্রিয়ায় দুধ তৈরিতে ব্যবহৃত ২ হাজার ৭০০ লিটার জেলি, ২০০ কেজি সয়াবিন এবং প্রস্তুত করা ৩২০ লিটার ভেজাল দুধ জব্দ করেন অভিযানকারীরা। এ সময় এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে ১০ সদস্যের টিম, ভাঙ্গুড়ার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল ইসলাম ও স্থানীয় থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
সূত্র: ডেইলি বাংলাদেশ


























